First Journalism Certificate Course Completed প্রথম ব্যাচের জার্নালিজম কোর্স সম্পূর্ণ, সার্টিফিকেট পেল পড়ুয়ারা
কালিয়াচক, ২৫ সেপ্টেম্বর: সাংবাদিকতার প্রাথমিক শিক্ষা ও সংবাদ পরিবেশনের নৈতিক দায়বদ্ধতার উপর গুরুত্ব দিয়ে কালিয়াচক কলেজে প্রথমবারের মতো ছয় মাসের জার্নালিজম সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হল। বুধবার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে কোর্সের প্রথম ব্যাচের সফল পড়ুয়াদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবুর রহমান, বিধায়ক রাজু কর্মকার, বিশিষ্ট সমাজসেবী নন্দন ঘোষ, ডিজিটাল বেঙ্গল টিভির ডাইরেক্টর আসাদুল হক, ডিজিটাল সংবাদকর্মী এবং কোর্সের ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. নাজিবুর রহমান জানান, উত্তরবঙ্গের কলেজগুলির মধ্যে কালিয়াচক কলেজ ন্যাকের ‘এ’ গ্রেড স্বীকৃতিপ্রাপ্ত। পড়ুয়াদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কলেজে একাধিক সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। তারই অংশ হিসেবে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের প্রথম ব্যাচের ছয় মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে।
অধ্যক্ষ জানান, আগামী এক মাসের মধ্যে ফের জার্নালিজম সার্টিফিকেট কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারে। তবে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজের সরকারি নোটিশের মাধ্যমে জানানো হবে।
বিধায়ক রাজু কর্মকার বলেন, ছাত্রজীবনে তাঁরও সাংবাদিক হওয়ার আগ্রহ ছিল। সেই ইচ্ছা পূরণ না হলেও কালিয়াচক কলেজে সাংবাদিকতার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স চালু হওয়ায় তিনি সন্তুষ্ট। তাঁর বক্তব্য, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা ভবিষ্যতে যাচাই করা তথ্য, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার নৈতিকতা মেনে কাজ করবেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, বর্তমান সময়ে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য যাচাই, নিরপেক্ষতা, আইন মেনে সংবাদ সংগ্রহ এবং ব্যক্তিগত মর্যাদার প্রতি সম্মান রেখে সংবাদ পরিবেশন সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। সেই মূল্যবোধকে সামনে রেখেই পড়ুয়াদের ভবিষ্যৎ পথচলার আহ্বান জানানো হয়।
কালিয়াচক কলেজে প্রথম জার্নালিজম সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ
বক্তাদের আশা, এই কোর্সের মাধ্যমে কালিয়াচক ও পার্শ্ববর্তী এলাকার তরুণ প্রজন্ম সাংবাদিকতা ও গণমাধ্যমের ক্ষেত্রে নতুন সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে নিজেদের পরিচিতি তৈরি করবে।
121 teachers honored কালিয়াচক এ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে





First Journalism Certificate Course Completed